গাংচিল অনলাইন ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর বাজারে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেনের (২৫) মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত রাকিব আমান উল্যাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চর আমান উল্যাহপুর গ্রামের সফি উল্যার ছেলে।

আমান উল্যাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, গুরুতর আহত রাকিব হোসেনকে রোববার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে সাত ব্যাগ রক্ত দেয়া হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

একই ঘটনায় আহত হাবিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রায়হান মনু নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আমান উল্যাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলমগীর হোসেনের ভাই ফারুক হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসপাতালে আহতরা জানান, রোববার সন্ধ্যার পর স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। রাত ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করে স্থানীয়রা। এর মধ্যে শিবিরের কয়েকজন দোকানে ঢুকে ছাত্রলীগ কর্মীদের কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নোয়াখালীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ১জন গুলিবিদ্ধ সহ আহত ১০।

 বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় মৃত রাকিবের মা বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪.কম