গাংচিল অনলাইন ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহ্ পুর বাজারে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানাগেছে।

রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ১নং আমানুল্লাপুর ইউনিয়নের আমানুল্লাপুর পলোয়ান বাজারে রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন হাবিব নামের একজন। বাকিরা হলেন রনি, মনু, রায়হান, রাকিব। এদের মধ্যে রাকিবের অবস্থা আশংকাজনক।

আহতরা জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ ৮টার দিকে ছাত্রশিবিরের কয়েকজন এসে এলোপাথাড়ি গুলি করে। আতঙ্কগ্রস্ত হয়ে স্থানীয়রা দিকবিদিক ছুটোছুটি করে। এর মধ্যে ছাত্রশিবিরের কয়েকজন দোকানে ডুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান তিনি।

নোয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি মো: আরমান হোসেন এই ঘটনায় শিবিরকর্মীদের দায়ী করে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।