ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) বাদ আসর এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি হারিছ চৌধুরী বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার মোড়ে আয়োজিত সমাবেশস্থলে এসে মিলিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা স্লোগানমুখর মিছিল নিয়ে এতে অংশ নেন। পরে হারিছ চৌধুরী বাজার মোড়ে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট সমাজসেবক ডা. মো. বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. হাসানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, 'শহীদ হাসান সুবর্ণচরের গর্ব। শহীদদের মহান আত্মত্যাগের ফলেই দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে।' তিনি আরও বলেন, 'আমাদের এই সংগ্রাম ছিল সর্বস্তরের মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা এবং ঘুষ, দুর্নীতি, রাহাজানি, খুন ও ধর্ষণমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য।' এ সময় তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, 'এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে দেশে আর কখনো স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ থাকবে না।'
সমাবেশে সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ইছমাইল, বাংলাদেশ মসজিদ মিশন উপজেলা সভাপতি মাওলানা আহছান উল্লাহ, চরজব্বর ইউনিয়ন জামায়াতের আমীর মো. ওমর ফারুক, চরবাটা ইউনিয়ন আমীর মো. দিদারুল আলম, চরক্লার্ক ইউনিয়ন আমীর আবুল কাসেম, চর ওয়াপদা ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর, চর জুবিলী ইউনিয়ন আমীর হাফেজ সৈয়দ আহমেদ হেলাল, চর আমান উল্লাহ ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়সাল বিন মোস্তফা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পূর্ব চরবাটা ইউনিয়ন আমীর মাওলানা নেয়ামত উল্লাহ, মোহাম্মদপুর ইউনিয়ন আমীর মাওলানা নুরনবী হায়দার, ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আলতাফ হোসেন ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা জামায়াতের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকবৃন্দ।
সমাবেশে বক্তারা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি, তাঁদের বক্তব্যে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও উত্থাপন করা হয়।

0 মন্তব্যসমূহ