কোম্পানীগঞ্জে ১১ বছরের শিক্ষার্থীর  আত্নহত্যা

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) এক শিশু আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চুলু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। 

মনি একই বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে এবং স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনি। পরবর্তীতে পরিবারের লোকজন বসতঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। পুলিশ আত্মহত্যার কারণ জানতে চেষ্টা চালাচ্ছে।