ইউনুছ শিকদার (রামগতি) লক্ষ্মীপুর : রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি করার অপরাধে দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২১ মার্চ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার তেমুহনি ও কলেজ রোড নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে নৌ পুলিশ। এ সময় প্রায় ৮০ কেজি পোয়া ও ছোট সাইজের জাটকা ইলিশ মাছসহ তাদেরকে আটক করা হয়। তারা উভয়ে চর আফজল এলাকার বাসিন্দা মো. সাহাব উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন (৪৫) ও চরলক্ষ্মী এলাকার বাসিন্দা বুদ্ধি জলদাসের ছেলে রাখাল জলদাস (৩৪)।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত ওই দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, নদীর মাছ বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রায় ৮০ কেজি পোয়া ও ছোট সাইজের জাটকা মাছ জব্দ করা হয়েছে।আটককৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, রামগতির মেঘনা নদীতে মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। তবুও এলাকায় মাছ বিক্রি করায় এ অভিযান চালানো হয়েছে। পরে, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেদের ওই রায় দেওয়া হয়েছে।
উল্লেখ থাকে যে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলো : এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

0 মন্তব্যসমূহ