লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে আলাউদ্দিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বশিকপুরের পোদ্দার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রশিদপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীর চাচাতো ভাই। 

সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কমলশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত প্রায় ১১ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় তাকে মৃত পাওয়া যায়। পথেই তার মৃত্যু হয়েছে। 

তিনি জানান, মৃতদেহের বুকে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, আলাউদ্দিন মটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে পোদ্দার দিঘির পাড়ে পৌঁছলে উঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পাশের একটি পুকুরে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে পোদ্দার বাজারের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আলাউদ্দিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। পরিবারের লোকজনের সাথে কথা বলি। আমি ঘটনাস্থলে যাব। সেখান থেকে আসলে বিস্তারিত বলতে পারবো।