পুনরায় লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন মো. শাহজাহান

ফয়সাল কবির, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মো. শাহজাহানকে এই মনোনয়ন দেয়া হয়।

মুঠোফোনে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। 

জেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় প্রবীন এই রাজনীতিবিদের নাম ঘোষণা হওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। তারা বিভিন্ন ভাবে তাদের উল্লাস প্রকাশ করতে শুরু করছে।

স্থানীয় আওয়ামী লীগের ভাষ্যমতে, শাহজাহান রাজনৈতিক মেধাদীপ্ত প্রবীণ নেতা। জেলা পরিষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে নির্দেশনা অনুযায়ী জনগণের ভাগ্যোন্নয়নে তিনি কাজ করেছেন। করোনাকালীন জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। নেতৃত্ব আর দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করেছেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্যাগ ও পরিশ্রমের ফল হিসেবে ফের তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।

জানা গেছে, শাহজাহান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক। তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। সাবেক চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ২০১৭ সালে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া দলের মনোনীত প্রার্থী মো. শাহজাহান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে নির্বাচিত করতে জনপ্রতিনিধি ভোটারসহ দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর লক্ষ্মীপুরসহ দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচন ইভিএমে হওয়ার কথা রয়েছে। চেয়ারম্যান পদে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতা মনোনয়ন চেয়েছেন।