লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাটে বালু বাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরে জামাল হোসেন (৪১) নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনিক অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে জামালের সহযোগীরা পালিয়ে যায়।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় যৌথ অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি সময় জামাল হোসেনকে হাতেনাতে ধরেন। এসময় সে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
জামাল হোসেন সদর উপজেলার টুমচর গ্রামের মৃত হোসেন আহম্মদ চৌধুরীর ছেলে।
লক্ষ্মীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে জামাল হোসেন নামের একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ