লক্ষ্মীপুর জেলা পরিষদে সদস্য পদে প্রার্থী সাবেক দুই যুবলীগ নেতা মামুন এবং সুমন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে রায়পুর থেকে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া এবং সাবেক সদস্য ও রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মন্জুর হোসেন সুমন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিসে এ দুজন মনোনয়নপত্র দাখিল করেন। মামুন বিন জাকারিয়া মনোনয়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, প্রস্তাবকারী ৪ নং সোনাপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান এড. ইউসুফ জালাল কিসমত, সমর্থনকারী ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হাওলাদার, ৮ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরাজি, ৭ নং বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ৯ নং চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিকু হাওলাদার ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ অনেকে।

এদিকে সাবেক জেলা পরিষদের সদস্য ও রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মন্জুর হোসেন সুমনের মনোনয়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য দিদার মোল্লাসহ তার সমর্থকরা।

প্রসঙ্গত: তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার)। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।