লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিএনপির পূর্ব ঘোষিত সভাস্থল ভাংচুরের ঘটনা ঘটেছে। শহরের উত্তর তেমুহনীস্থ বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবুর বাসার সামনে বিকাল ৪টায় এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।
শুক্রবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বাসভবন প্রাঙণে ছাত্রলীগ নেতা এম মাসুদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও (সিসি ক্যামেরা) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী এসে অতর্কিত ভাংচুর চালায়। এসময় সভার মঞ্চ, চেয়ার ও বিভিন্ন পোস্টার-ফেস্টুন ভাংচুর করে তারা।
জানা যায়, তেল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বিএনপি। বিকাল ৪টায় শহরের উত্তর তেমুহনীস্থ জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বাস ভবনের সামনে এ সভাবেশ অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বলেন, এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ছাত্রলীগের এ ভাংচুর। যতো হামলা আসুক না কেন আমাদের সভা যথারীতি চলবে।
তবে বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, কারা ভাংচুর করেছে তা আমাদের জানা নেই। ছাত্রলীগ এর সাথে জড়িত নয়।

0 মন্তব্যসমূহ