ইউনুছ শিকদার,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
মৃত জান্নাতুল ফেরদাউস (১৪) উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আহছান উল্যাহ মাসুদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
শুক্রবার (২৬ আগস্ট) সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চরএলাহী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জান্নাতুল কে তার রুমের সামনে ছটপট করতে দেখে তার মা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম বিষ পান করেছে বলে জানায়। এরপর ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এরপর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে সে রাত ৩টা ১৫মিনিটের দিকে মারা যায়।
স্থানীয় চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, স্কুল শিক্ষার্থীর মৃত্যু গভীর উদ্বেগজনক। তিনি বলেন, অভিভাবকগন স্বীয় ছেলেমেয়ের বিষয়ে আরোও সচেতন হওয়া দরকার।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মা-বাবা বিয়ে দিতে চাওয়ায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


0 মন্তব্যসমূহ