লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর থানা পুলিশের সহায়তায় আকাশ (৭) নামের এক শিশুকে ফিরে পেয়েছে তার পিতা মো. কাইয়ুম। মঙ্গলবার (৭ জুন) সকালে পুলিশের পক্ষ থেকে ওই শিশুকে তার বাবার কাছে তুলে দেওয়া হয়। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলায়।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌর বাসস্ট্যান্ড থেকে গত সোমবার (৬ জুন) আকাশ নামের সাত বছরের এক শিশুকে খুঁজে পায় সদর থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। তখন শিশুটি পুলিশকে জানায়, তার বাড়ি মৌলভীবাজার জেলায়। এর পরই সদর থানা পুলিশের পক্ষ থেকে মৌলভীবাজার সদর থানায় শিশুর পরিচয় শনাক্তের জন্য যোগাযোগ করা হয় এবং তার ছবি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়।
মৌলভীবাজার সদর থানা পুলিশ উদ্ধার হওয়া শিশু আকাশের নাম ঠিকানা অনুসন্ধান করে জানতে পারে শিশুটি মৌলভীবাজার সদর উপজেলার খাজিরগাঁও গ্রামের কাইয়ুমের পুত্র।
পরে থানা পুলিশের পক্ষ থেকে কাইয়ুমকে বিষয়টি অবগত করলে সে থানায় গিয়ে ছবি দেখে তার নিখোঁজ হওয়া ছেলেকে সনাক্ত করে।
মঙ্গলবার সকালে কাইয়ুম তার ছেলেকে নেওয়ার জন্য লক্ষ্মীপুর সদর থানায় আসে। পরে তার হাতে শিশুপুত্রকে বুঝিয়ে দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এর দায়িত্ব প্রাপ্ত অফিসার শিশুটিকে তার পিতার হাতে তুলে দেন।

0 মন্তব্যসমূহ