ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরের চর ওয়াপদায় বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া। 

নিহত রাকিব হোসেন (১৬) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বাচ্চুর ছেলে এবং স্থানীয় আল আমিন বাজার দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। 

গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আল আমিন রাস্তার মাথা সংলগ্ন চর আমিনুল হক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার দিকে নিহত রাকিব ও তাঁর বাবা জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প মেশিন চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব ঘটনাস্থলে মারা যায়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক তরিক খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।