নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮), একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান (১৬), মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭), হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো. ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪), একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক (৭) ও ৬৭নং ক্লাস্টারের আবদুর শুক্করের স্ত্রী রাজিদা (১৮),।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকার স্থানীয় এলাকাবাসী ৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।