লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে সরকারী একটি খালের মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে খালের মাটির বাণিজ্য করে আসছেন। 

মাটি দস্যুরা হলেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন ইবনে ওমর ভুলুর ছোট ভাই এবং যুবলীগ নেতা আল মাহমুদ হোসাইন অনুপম, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আফজাল হাওলাদারের ছেলে ইটভাটার মালিক রুবেল হাওলাদার ও স্থানীয় মাটি ব্যবসায়ী জয়নাল আবেদীন। 

এ তিন জনের বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কামাল উদ্দিন ও আবুল কালাম নামে স্থানীয় দুই ব্যক্তি। 

গত ২৮ মার্চ দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, 'ভুলুয়া পানি ব্যবস্থাপনা' কমিটির নাম ভাঙ্গিয়ে সরকারী খাল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি ও খাল পাড়ের গাছ কেটে বিক্রি করছেন তারা। 

অভিযোগটি লক্ষ্মীপুর কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সদর উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল আল মামুনকে তদন্তের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। 

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের 'জিল্লুর রহিম' নামক খালটি প্রায় আড়াই কিলোমিটার ভুলুয়া পানি ব্যাবস্থাপনা কমিটির নাম ভাঙ্গিয়ে মাটি কাটা হচ্ছে। সরকারী কোন অনুমতি ছাড়ায় স্থানীয় প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে ভেকু মেশিন দিয়ে খাল খননের নামে মাটিগুলো ইটভাটায় বিক্রি করে দিচ্ছেন এবং খাল পাড়ে থাকা সরকারী গাছ কেটেও বিক্রি করেন তারা। এছাড়া খাল পাড়ের রাস্তা কেটে মাটি বিক্রি করার কারণে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে। 

এ বিষয়ে অভিযুক্ত ভুলুয়া পানি ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও যুবলীগ নেতা আল মাহমুদ হোসাইন অনুপম বলেন, কৃষকদের চাষাবাদে পানি নিষ্কাশনে সমস্যার কথা ভেবে আমরা বিগত ৩ বছর আগে খাল খননের জন্য আবেদন করি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কোনো কর্নপাত করেনি। কৃষকদের কথা ভেবে আমরা পানি ব্যাবস্থাপনা কমিটির একটি জরুরী বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে খাল খনন শুরু করি। তবে খালের মাটি ইটভাটায় বিক্রির বিষয়টি সত্য নয়। 

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, অনুমতি ছাড়া খাল খনন করে ইটভাটায় মাটি বিক্রি ও খাল পাড়ে পাশে থাকা গাছ কেটে বিক্রির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।