ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: সুবর্ণচরে গরু চুরি করে পালাতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুই চোর গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসারত।

নিহত মো. নাছির (৪০) সে চট্টগ্রামের বাঁশখালি গ্রামের বাসিন্দা। আহতরা হলো বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল ওরফে চোরা রুবেল (২২) ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২৩)।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কের সুলতান নগর এলাকায় স্পীড ব্রেকারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এস আই ছাগির আহমেদের নেতৃত্বে চৌকস ফোর্স একটি পিকআপ ভ্যান ও চুরি হওয়া তিনটি জীবিত গরু এবং একটি মৃত গরু জব্দ করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য ভোর রাতে উপজেলার পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে ৪টি গরু চুরি করে। পরে গরু বোঝাই গাড়িটি সোনাপুর টু চেয়ারম্যানঘাটের সুলতান নগর এলাকায় পৌঁছলে স্পীড ব্রেকারের সাথে ধাক্কা লেগে গাড়ির একটি চাকা লিকেজ হয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির চাপায় গরু চোর নাছির ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়।

ওসি জিয়াউল বলেন, অপর দুই গরু চোর গুরুতর আহত হওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। আহতদের আটক করে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে