ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২ টিতেই নৌকা প্রতীকের প্রার্থী হেরেছে। দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং চর জব্বর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক ১০১৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন নৌকা প্রার্থীকে এবং ৫নং চর জুবিলী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল্লাহ খসরু প্রায় ৭ হাজার ভোটের ব্যবধানে নৌকাকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিতদের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। দুই ইউনিয়নের ২৭ টি কেন্দ্রে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ১১১ জন এবং মহিলা ভোটার ৩৩ হাজার ৫০৮ জন।

এদিকে, জেলার হাতিয়া উপজেলার সুখচর ও নলচিরা ইউনিয়নে আগেই সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।