নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি করায় সামিয়া সুলতানা শান্তা নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেননি কেন্দ্রসচিব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রসায়ন পরীক্ষার দিনে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর মা ও তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি- রাস্তায় যানজটের কারণে কেন্দ্রে পৌঁছাতে ১৫ মিনিট দেরি হয়েছে। কেন্দ্রসচিবকে বিষয়টি জানিয়ে অনুরোধ করা হলেও সামিয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
তবে কেন্দ্রসচিব বলেছেন, সামিয়া প্রায় ৪০ মিনিট পর কেন্দ্রে পৌঁছায়। ফলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বিষয়টি তিনি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অবগত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সামিয়া সুলতানা শান্তা। মঙ্গলবার তার রসায়ন পরীক্ষা ছিল। বাসা থেকে বেরিয়ে কেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় কেন্দ্রসচিব ও বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্না তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি।
সামিয়ার মা রাবেয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ। এ শরীর নিয়ে মঙ্গলবার তাকে পরীক্ষা কেন্দ্রে নেওয়ার জন্য বাসা থেকে বের হই। চৌমুহনীতে দীর্ঘ যানজটের কারণে কেন্দ্রে পৌঁছাতে প্রায় ১৫ মিনিট দেরি হয়। সেখানে যাওয়ার পর কেন্দ্রসচিব আবদুল মান্নান তাকে পরীক্ষা দিতে দেবেন না বলে জানান।’
0 মন্তব্যসমূহ