ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে।পরিবারে চলছে শোকের মাতম।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ১নং চর জব্বার ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সুল করিম (২৫) উপজেলার ১নং চর জব্বার ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম এবং উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চর বৈশাখী গ্রামের মৃত হাফেজ আহমদের ৬ষ্ঠ ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, জোহরের নামাজ পড়তে মুসল্লীরা মসজিদে গেলে দেখতে পায় মসজিদের ইমাম ফ্লোরে পড়ে আছে। মুসল্লীরা নাড়াচাড়া করলে দেখতে পায় তার ডান হাতে ও বুকে পোড়া দাগ রয়েছে। তখন তারা তাকে দ্রুত উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, গত ৩৭দিন আগে তাকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। ধারণা করা হচ্ছে তিনি জোহরের নামাজের আযান দেওয়ার জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।