নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এমপি একরামকে কোম্পানীগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী করে ‘কোথাও পেলে’ প্রতিরোধ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মির্জা।
বুধবার রাত ৮টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
কাদের মির্জা বলেন, একরাম চায় এখানে নৈরাজ্য সৃষ্টি হোক। অরাজক পরিস্থিতি বজায় থাকুক যাতে সে ঘোলাপানিতে মাছ শিকার করতে পারে।
কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগের নীতিনির্ধারকরা যদি আমার নানার অপমানের বিচার না করেন, আমার বাবার অপমানের বিচার না করেন-প্রয়োজনে ঢাকায় গিয়ে তার (একরামুল করিম) বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব।
কাদের মির্জা আরও বলেন, কয়েকদিনের মধ্যে নিয়মিত শারীরিক চেকআপে আমেরিকা যাব। এ নিয়ে প্রতিপক্ষের উল্লসিত হওয়ার কিছু নেই। ওই সময়ে যদি কেউ আমার নেতাকর্মীদের আঘাত করার চেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোম্পানীগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করতে আওয়ামী লীগ নেতা সেলিম ভাইকে (খায়রুল আনম চৌধুরী সেলিম) তিনি দায়িত্ব দিয়েছেন। সেলিম ভাই আমাকে ফোন দিয়েছেন। আমি উনাকে আসতে বলেছি। যতটুকু সম্ভব সহযোগিতা করার কথা বলেছি।
কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার প্রসঙ্গে জানতে চাইলে একরামুল করিম চৌধুরী এমপি বলেন, তার এলাকায় আমার কাজ কী? এটি হাস্যকর। কাদের মির্জা এখন সবার কাছে হাসির পাত্র হয়ে গেছেন। সে মানসিকভাবে বিকারগ্রস্ত।
তথ্যসূত্রঃ যুগান্তর

0 মন্তব্যসমূহ