নোয়াখালী প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোনের বাসায় দুর্বৃত্তদের ককটেল হামলার ঘটনা ঘটেছে। সেখান থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) রাত ১২টায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কেজি স্কুল সংলগ্ন বাসায় দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রীর ভাগিনা হুমায়ুন রশিদ মিরাজ।

তিনি জানান, সন্ত্রাসীরা ৪/৫টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে বাসায় ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর তার বাসভবন থেকে ককটেলের আওয়াজ শুনতে পান বলে নিশ্চিত করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ককটেল হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে এসেছি। গুলি করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের পুলিশের একটি টিম সেখানে কাজ করছে, গুলির বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।