ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: শান্তি প্রস্তাব দেওয়ার ৮দিনের মাথায় আবারও ফেইসবুক লাইভে এসে এবার সকল তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ হুমকি দিয়েছেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বলেন, আমেরিকার এবারের নির্বাচন ব্যবস্থা আমি দেখে এসেছি। এই নির্বাচন ব্যবস্থা দেখে আমার বিবেকে আঘাত লেগেছে। এটা চলতে দেয়া যায় না এই দেশে। এটা উচিত আজকে এ দেশে এ ব্যস্থার পরিবর্তন। বড়লোত আরো বড়লোক হবে, গরীব আরো গরীব হবে। ওবায়দুল কাদের সাহেব আপনাকে জবাব দিতে হবে। আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না।
মেয়র বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেব। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, আমার এখানে দমন নিপীড়ন এ গুলো বন্ধ করেন, আমার কর্মিদের ওপর। করোনার কারণে রমজানের কারণে আমরা চুপ আছি। আমরা কত দিন চুপ থাকব,এভাবে নির্যাতন সহ্য করে। ওবায়দুল কাদের সাহেব এগুলো বন্ধ করেন। এগুলো আপনার কারসাজি।
কাদের মির্জা আরো বলেন, সাংবাদিকদের মুখ বন্ধ করে ফেলেছেন টাকা দিয়ে, কাউকে হুমকি দিয়ে। আজকে ঢাকাতে আমাকে সাংবাদিক সম্মেলন করতে দেননা। কিভাবে করতে হয় সাংবাদিক সম্মেলন, সেটা আমি জানি। আপনারা বন্ধ করতে পারবেননা, সেই সাংবাদিক সম্মেলন।
ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদের প্রসঙ্গে বলেন, আপনার স্ত্রীর সব তথ্য আমার কাছে সব আছে। আপনার স্ত্রীর অপকর্ম আমরা তুলে ধরেছি। আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না। সে এখনো দুদকের মামলার আসামি। আপনি চাপায় রাখছেন।

0 মন্তব্যসমূহ