ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনম সেলিমের ব্যবহৃত মুঠোফোনে একটি অপরিচিত একটেল নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফোনে যোগাযোগ করলে এ এইচ এম খায়রুল আনম সেলিম তাকে হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ‘একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে, আমাকে, নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নাকি নোয়াখালী ডিসি,এসপিকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়।’
তিনি আরো জানান, এ বিষয়ে তিনি নোয়াখালী পুলিশ সুপারকে অবহিত করেছেন।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেনের ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ করা হয় নি।

0 মন্তব্যসমূহ