লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বছরের প্রথম দিনেই লক্ষ্মীপুরে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা প্রাথমিকের ২ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী। শুক্রবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিশুদের মাঝে এ বই বিতরণ করা হয়।

বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা খানম প্রমুখ।

এদিকে, উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বই বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার প্রমুখ।

জানা গেছে, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উত্তর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেওয়া হয়েছে। যারা আসেনি তাদেরকে পরবর্তীতে বই দেওয়া হবে।