সুজন

লক্ষ্মীপুর প্রতিনিধি : দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ নিপীড়নের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) লক্ষ্মীপুর জেলা শাখা কমিটির আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

সুজনের জেলা কমিটির সদস্য অধ্যাপক কার্তিক সেনগুপ্ত এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ আদালতের স্পেশাল পিপি মো. আবুল বাশার, সুজন জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম জে আলম, বিশিষ্ট কবি মুজতবা আল মামুন, নারী নেত্রী মমতাজ বেগম, পারভীন হালিম, মাসুমা আক্তার, বাসদ এর জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মন্ডল, আহ্বায়ক এম এ মজিদ, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেন আরজু, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, মানবাধিকার কর্মী নুর মোহাম্মদ, টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাই নারী-শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ষণের শিকার মা-বোনরা যাতে মামলা করতে গিয়ে কোন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার কার্যক্রম শেষে রায় বাস্তবায়নের দাবি জানান তারা।