গাংচিল অনলাইন.কমঃ অবশেষে নোয়াখালী মেডিকেল কলেজে বৃহত্তর নোয়াখালীবাসীর বহুল প্রতিক্ষিত Covid-19 করোনা ভাইরাস সনাক্ত করন ল্যাব শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল (৪মে ২০২০) দুপুরে 'আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী'তে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করলেন নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।  এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, নোয়াখালী জেলা শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিএমএ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমান প্রমুখ।

এখন থেকে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলা অঞ্চলের করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থিত নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা (সেম্পল) পরীক্ষা হবে। 

গতকাল দুটি ডেমো নমুনা টেস্টের মধ্য দিয়ে শুরু হয় ল্যাবের কার্যক্রম।  আগামী তিন থেকে সাতদিন চলবে এ ডেমো টেস্ট।  এরপরই মূলত রোগীর নমুনা সরাসরি এই ল্যাবে পরীক্ষা করা হবে।  প্রতিদিন এ ল্যাবে ৯৫টি করে নমুনা পরীক্ষা করা যাবে।  সংশ্লিষ্ট জেলা থেকে এখন আর ঢাকা বা চট্টগ্রামে নিয়ে টেস্ট করতে হবে না। নোয়াখালী থেকে স্বল্পতম সময়ে করোনার রিপোর্ট পাওয়া যাবে বলে আশাবাদী চিকিৎসকরা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবদুস ছালাম জানান, প্রত্যেক উপজেলা থেকে টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহ করবেন। নমুনা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সের মাধ্যমে মেডিকেল কলেজে আসবে এবং সর্বাধুনিক সংযোজিত থার্মোফিসার আরটিপিসিআর ও বায়োসিস্টেম মেশিনে পরীক্ষা করে সংশ্লিষ্টদের পরীক্ষার ফলাফল জানিয়ে দেয়া হবে।  সরাসরি কলেজে কোনো নমুনা সংগ্রহ করা হবে না।  করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন হলো নোয়াখালী মেডিকেল কলেজে