গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ ও চট্টগ্রাম বিভাগের এক নম্বর হটস্পট বেগমগঞ্জকে কোভিড-১৯ থেকে সুরক্ষিত রাখতে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল বিপনী দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।
১৪ই মে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানিয়েছেন জেলা প্রশাসক তন্ময় দাস।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে গত ২৫ মার্চ থেকে জরুরী পন্য ব্যতীত দেশের সকল দোকান বন্ধ রাখার ঘোষনা দেন জনপ্রশাসন মন্ত্রনালয়। রমজানের ঈদকে সামনে রেখে ৫ই মে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে লকডাউন শিথিলের মাধ্যমে গত ১০ই মে থেকে শর্তসাপেক্ষে দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়। ১০ই মে রবিবার থেকে নোয়াখালীতে দোকানপাট ও বিপনী মার্কেট খোলার পর কোন শর্তাবলি না মানায় জেলায় সংক্রমণের ঝুঁকি রীতিমতো বেড়েই চলছে। প্রশাসনের মাঠ পর্যায়ের কাজ করার পরেও জেলার দোকানপাটে ক্রয়-বিক্রয়ে স্বাস্থ্যবিধির প্রতি মানুষ যত্নশীল না হওয়ায় সংক্রমণের ঝুঁকি বিবেচনায় রেখে আগামীকাল শুক্রবার থেকে জেলার সকল বিপনী দোকান ও মার্কেট বন্ধ রাখার এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে আজ রবিবার সকালে নোয়াখালীর চার আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভের মাধ্যমে জরুরি অন্য ব্যতীত নোয়াখালীর সকল দোকানপাট বন্ধ করার অনুরোধ করেন।
অন্য দিকে পাশ্ববর্তী জেলা ফেনী ও লক্ষ্মীপুরের দোকানপাট বন্ধ রাখার পরেও চট্টগ্রাম বিভাগের এক নম্বর হটস্পট নোয়াখালীর বিপনী মার্কেটগুলো খোলা থাকায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।


0 মন্তব্যসমূহ