ইউনুছ শিকদার (সুবর্ণচর)নোয়াখালী: করোনার দূর্যোগকালীন সময়ে দেশের মানুষ যখন অসহায়, মধ্যবৃত্তরা শত কষ্টেও লজ্জায় কারো কাছে সহায়তা চাইতে পারছেন না ঠিক সেই সময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোঃসাহেদ উদ্দিন।

মানবিক খাদ্য সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। তবে এবার একটু ভিন্নতা নিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ বিপন্ন, অসহায়,কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন নোয়াখালী জেলায় সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার অফিসার ইনচার্জ মোঃশাহেদ উদ্দিন।

সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সুবর্ণচর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রাতের আঁধারে মানুষের প্রয়োজনে বাসায় পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। যারা লজ্জায় কাউকে জানাতে পারেননি নিজের অসহায়ত্বের কথা ,প্রতিবেশী থেকে খবর নিয়ে তাঁদের ঘরের দরজায় রেখে আসছেন খাদ্য সামগ্রি।

ত্রাণ সহায়তা পাওয়া একজন জানান, পেশাদারিত্বের পাশাপাশি এতটা খোঁজ খবর রেখে মানুষের সেবা এর আগে কোন ওসি দেখাতে পারেননি সুবর্ণচর উপজেলায়। সত্যিই আমার পরিবারের চাহিদা পূরণে আমাকে হিমশিম খেতে হচ্ছিল,ওসি সাহেবের নাম্বারে ফোন করে বিষয়টি জানানোর কিছুক্ষণ পরেই আমার বাসার দরজায় হাজির ত্রাণ সামগ্রি।

জানা গেছে সুবর্ণচর উপজেলায় এমন অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওসি শাহেদ উদ্দিন।তাঁর এই মানবিক খাদ্য সহায়তা সুবর্ণচরের মানুষের মাঝে প্রশংসিত হচ্ছে। গোপনে খাদ্য সহায়তা প্রয়োজন এমন মানুষের তালিকা করে পর্যায়ক্রমে এবং সাধ্যানুযায়ী মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি।

সুবর্ণচর উপজেলায় বর্তমান সময়ে কমেছে অপরাধ প্রবণতা। নির্মূল হয়েছে থানার দালাল চক্র।থানায় এসে আইনি সহয়ায়তা পাচ্ছেন যে কোন মানুষ।সুবর্ণচরের মানুষের জান মালের নিরাপত্তায় সদা জাগ্রত মানবিক ওসি মোঃ শাহেদ উদ্দিন সেবা দিয়ে যাচ্ছেন সবসময়।