গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার ভেজাল ও নকল পণ্যে সয়লাব হয়ে গেছে। এসকল ভেজাল ও নকল পণ্য ঠেকাতে চৌমুহনীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার (১২ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, স্টেশন রোড এলাকায় ভেজাল কসমেটিকস পণ্য বিক্রির উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক বাবর স্টোরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকার ভেজাল পণ্য। 

অনুমোদন ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের চানাচুর তৈরি ও প্যাকেজিং করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মিল্লাত ফুডকে ২ লাখ টাকা এবং অনুমোদনহীন পলিথিন উৎপাদনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক মক্কা প্যাকেজিংকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ১ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। অভিযানে মোট ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ও প্রায় ৩ লাখ টাকার পণ্য জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

রোকনুজ্জামান খান বলেন, ‘অভিযানে দেখা যায়, বাবর স্টোর বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করছিল। এরমধ্যে রয়েছে প্যারাসুট নারিকেল তেল, ইউনিলিভারের বিভিন্ন পণ্য, স্প্রে, সাবান ও কসটেপ ইত্যাদি। 

মিল্লাত ফুড তাদের নিজস্ব চানাচুর ছাড়াও পটেটো, বোম্বে চানাচুরের ভেজাল পণ্য তৈরি, অনুমোদনবিহীন পণ্য বাজারজাতকরণ, ওজনে কম দেওয়া ইত্যাদিভাবে পণ্য বাজারজাত করছে।’

আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাওছার মিয়া, পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক তানজিম তারেক ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‌্যাব-১১ লক্ষ্মীপুরের কোম্পানি কমান্ডার আবু সালেহ।