গাংচিল অনলাইন.কম: বাংলাদেশ শিল্পমন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রং ফর্সাকারী ক্রিমে মাত্রাতিরিক্ত পারদের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাই এই সকল ক্রিম বিক্রয়, মজুদ ও আমদানী করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- "পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই ) এর ল্যাবরেটরি পরীক্ষায় রং ফর্সাকারী ১৩টি ক্রিমের মধ্যে  ০৬টি স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ (মার্কারি) ও ০২টি ব্র্যান্ডের ক্রিমে পারদ (মার্কারি) এবং হাইড্রোকুইনোন পাওয়া গিয়েছে। বিএসটিআই'র নিয়মিত সর্ভি ল্যান্স টিমের মাধ্যমে বাজার থেকে এসব ব্র্যান্ডের পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়।

পাকিস্তানের গৌরী কসমেটিকস (প্রাঃ) লিমিটেডের গৌরী (Goree) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৭৫৫.৮৫ পিপিএম; পাকিস্তানের এস.জে এন্টারপ্রাইজের চাঁদনী (Chadni) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬২৯.৯৬ পিপিএম; পাকিস্তানের কিউ.সি ইন্টারন্যাশনাল এর নিউ ফেস (New Face) ব্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৩৮ পিপিএম; পাকিস্তানের ক্রিয়েটিভ কসমেটিকস (প্রাঃ) লিমিটেডের ডিউ (Due) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ২৮৫.৮৮ পিপিএম; পাকিস্তানের গোল্ডেন পার্ল কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের গোণ্ডেন পার্ল (Golden Pearl) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬৫৪.১৩ পিপিএম; পাকিস্তানের পুনিয়া ব্রাদার্স (প্রাঃ) লিমিটেডের ফাইজা (Faiza) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৪৫ পিপিএম; পাকিস্তানের নুর গোল্ড কসমেটিকসের নুর (Noor) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ১৯৩.৬৮ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ১৯৮০.৬৮ পিপিএম এবং পাকিস্তানের হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস (White Pearl Plus) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৯৪৮.৯৩ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ৪৩৪.৭৩ পিপিএম পাওয়া গিয়েছে। 


উল্লেখ্য যে, স্কিন ক্রিমে সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২:২০১৯)-এ মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা-১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের গ্রহনযোগ্য সর্বোচ্চ মাত্রা-৫ পিপিএম। মাত্রাতিরিক্ত মার্কারি (পারদ) ও হাইড্রোকুইনোনযুক্ত এসব ক্রিম দীর্ঘ দিন ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্ম রোগসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। 

এমতাবস্থায়, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে মাত্রাতিরিক্ত পারদযুক্ত এসব রং ফর্সাকারী ক্রিম বিক্রি-বিতরণ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আমদানিকারক/সরবরাহকারী/বিক্রেতাদের (অনলাইনসহ) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে বিএসটিআই’র লোগো, আমদানিকারকের নাম ও ঠিকানা দেখে ভোক্তাসাধারণকে পণ্য ক্রয়ের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।“