লক্ষ্মীপুর প্রতিনিধি: মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরের গাড়ী বহরে হামলা, ইভটিজিং এবং ছাত্রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউনিয়নের মধ্য সাগরদী খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বুধবার (১৮ মার্চ) বিকালে মাদরাসা ভবনের সামনে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ইভটিজিংয়ের বিচারের দাবিতে মাদরাসা প্রাঙ্গণে ফেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে বখাটেদের বিচারের দাবি করে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। এসময় মাদরাসা কমিটির সহ-সভাপতি ও রায়পুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি সাংবাদিক আবদুল করিম বলেন, রায়পুর থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া তোমাদের (শিক্ষার্থীদের) ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। পুলিশ ইভটিজারদের গ্রেপ্তারের জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। শিক্ষার্থীদের সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, সোমবার (১৬ মার্চ) মধ্য সাগরদী খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরে চাঁদপুর (মিনি কক্সবাজার) যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ১২০ জন ৯টি গাড়ি নিয়ে রওনা হন। কিন্তু শিক্ষা সফরে বহিরাগতদের না নেওয়ায় মানিক সাহার বাড়ির মো. হারুনের ছেলে মো. ফাহাদ (২০) এর নেতৃত্বে তার সহোদর রাব্বি (২৫), তোরাপের বাড়ির তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্যা (২৪), জাকিরের ছেলে শান্ত (২৫) ও তার সহোদর ফাহিম (২০), ফকির বাড়ির মো. দেলোয়ারের ছেলে সবুজ (২২), তোরাপের বাড়ির বিশু ওরফে হৃদয় (২২) এবং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি চকিদার বাড়ির মো. লিটনের ছেলে ফাহিম (২২) দফায় দফায় গাড়ি বহরে হামলা চালায় তারা। এক পর্যায়ে জিনের মসজিদ নামক স্থানে এসে গাড়ী বহরকে বেরিকেট দেয় তারা। এসময় আলমগীর হোসেন দিলসন নামে এক ড্রাইভারকে গাড়ী থেকে টেনে-হিচড়ে বের করে এলোপাথারি কিল ঘুষি মেরে ছাত্রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অন্য ড্রাইভাররা এগিয়ে আসে, এসময় বখাটেরা ড্রাইভারের পেন্টের পকেটে থাকা ১টি মোবাইল, ১৮হাজার পাঁচশত টাকাসহ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বখাটেরা পালিয়ে যায়। পরবর্তীতে মাদ্রাসার সামনে বহিরাগতদের নিয়ে বগি, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে ড্রাইভারদের উপর হামলা চালায় বখাটেরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আসলে বখাটেরা পালিয়ে যায়। এ সময় তাদেরকে না পেয়ে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব নজির আহমেদের বাড়ি থেকে তাদের একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায় ।
এ নিয়ে মঙ্গলবার স্থানীয় জামে মসজিদ ও হাফেজিয়া এতিমখানা এবং খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্রাসার কমিটি ও শিক্ষকদের উদ্যোগে একটি প্রতিবাদ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, সহ সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, নির্বাহী সদস্য আবদুল লতিফ, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, মসজিদের উপদেষ্টা জাহাঙ্গীর পাটওয়ারী, আলী হায়দার পাটওয়ারী, সভাপতি আলী আহমেদ, মাদ্রাসার সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, সহ-সভাপতি, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরাম মিঝিসহ এলাকার গন্যমান্য প্রায় ৫শতাধিক মানুষ। এ নিয়ে এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে অত্র মাদরাসার সুপার মাওলানা আব্দুল আলীম বাদী হয়ে বখাটেদের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। খুব শিগ্রই জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
