ইউনুছ শিকদার : নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৩ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন তাদের জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৬ জনকে ৫ হাজার ও ৭ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে বিকেলে মেঘনা নদীর স্লাইচ খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নৌ পুলিশ। এ সময় দুটি নৌকা, ৫০ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল ও ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেদের এ রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে ও জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন বলেন, রামগতির মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবুও নদীতে মাছ শিকার করছিল বলে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন জেলেকে আটক করেছে। পরে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেদের ওই রায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে ০১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।