লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরের ঐতিহাসিক হায়দরগঞ্জ তাহেরিয়া রচিমউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য “খতমে শেফা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাদ ফযর প্রায় লাখো মুসল্লিদের উপস্থিতে এ খতমে শেফা অনুষ্ঠিত হয়। উপজেলার হায়দরগঞ্জ সাইয়্যেদ মঞ্জিল এ খতমে শেফা’র আয়োজন করে। ফযরের আগেই পুরো ঈদগাহ্ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এসময় কার্যত অচল হয়ে পড়ে দোকানপাট, রাস্তা-ঘাটসহ খালি জায়গা।
মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশ্ববাসীর কল্যাণ কামনা করে লাখো মুসল্লিদেরকে নিয়ে মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী। এসময় ধর্মপ্রাণ মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখোরিত হয়ে উঠে পুরো এলাকা।
খতমে শেফায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মুফতি সাইয়্যেদ মো. তাহের ইজ্জুদ্দীন জাবেরী আল-মাদানী, ঈদগাহ ময়দানের খতিব হযরত মাওলানা সাইয়্যেদ মো. জাহেদ ইজ্জুদ্দীন জাবেরী আল-মাদানী, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ, হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হক প্রমুখ।
বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন উপজেলা থেকে ফযর নামাজের পূর্বেই ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হতে থাকে। সূর্যদোয়ের সাথে সাথে পুরো ময়দান ও আশ-পাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এসময় ধর্মপ্রাণ মুসল্লিদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে রোনাজারি করতে দেখা যায়। আমিন আমিন ধ্বনিতে মুখোরিত হয়ে উঠে পুরো ময়দান। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে তাঁরা প্রার্থনা করেন।
