লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসকে পুঁজি করে লক্ষ্মীপুরের বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকার দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮মার্চ) বিকেলে লক্ষ্মীপুর চাল বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুর রিদোয়ান আরমান শাকিল। এসময় ভ্রাম্যমান আদালতের ২-৩ হাজার টাকা হারে ৮টি দোকানে এ জরিমানা করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন’সহ পুলিশ সদস্যরা। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, পেয়াজ ও আলু সহ বিভিন্ন ভোগ্য পন্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না টাঙানোয় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোগ্যপন্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।