লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর খাবার (মাংস ও মিষ্টি) ফ্রিজে মজুদ রাখায় শহরের দক্ষিণ তেমুহনীস্থ মক্কা হোটেলের মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল এ অভিযান পরিচালনা করেন। একই সময়ে শহরের শেখ রাসেল সড়কের ব্রাদার্স বিল্ডিংয়ে একটি মাংস বিক্রির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ওই গোডাউনে আমদানীকৃত পঁচা মাংস পাওয়া যায়। তবে গোডাউনটিতে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় ভবনটিকে পুলিশি পাহারায় রাখা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, চলমান অভিযানের অংশ বিশেষ মক্কা হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। তারা ফ্রিজে মুরগি ও গরুর মাংস এবং মিষ্টি একসঙ্গে রক্ত মাখামাখি করে রাখে। যা খাবার হিসেবে অস্বাস্থ্যকর ও মানবদেহের জন্য ক্ষতিকর। তাই মালিক ফারুক ও এক শ্রমিককে আটক করে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। 

এছাড়া ফরহাদ নামের এক ব্যাক্তির গোডাউনে গিয়ে পঁচা মাংস মজুদের দৃশ্য চোখে পড়ে। মালিকপক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় গোডাউনটি পুলিশি পাহারায় রাখা হয়েছে। এক্ষেত্রে প্রচলিত আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। এছাড়া মাংস গুলো পরীক্ষা নিরিক্ষার জন্য প্রাণি সম্পদ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। অভিযানের সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. যোবায়ের হোসেন, মার্কেটিং অফিসার মনির হোসেন’সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।