গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চৌমুহনী খাদ্য বিতান কে ২৫ হাজার টাকা ও মেসার্স সুকান্ত বিকাশ সাহা কে ৬হাজার টাকা সহ সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান । আদালত পরিচালনায় সহযোগিতা করেন মোঃ কাউসার মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
অভিযানের সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।সন্ধ্যা ৭টা ধেতে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখাযায়- চৌমুহনী পাইকারী আরতগুলো পর্যাপ্ত চালের মজুদ রয়েছে এবং গত একসপ্তাহ আগের মূল্যের তুলনায় বর্তমানে ২০০ থেকে ৩০০টাকা অতিরিক্ত মূল্যে চাল বিক্রয় হচ্ছে। আগের তুলনায় মুনাফার হারও অনেক বেশি। একই মার্কেটের বিভিন্ন আরতে ভিন্ন ভিন্ন দামে চাল বিক্রয় হচ্ছে। অতিরিক্ত মুনাফা করার জন্য মূল্য তালিকাও সরিয়ে ফেলেছে। ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায়- গত দু’দিন ধরে করোনা ভাইরাসের আতঙ্কে সাধারণ মানুষ অধিকমাত্রায় চাল ক্রয় করছেন।
জেলা প্রশাসক জনাব তন্ময় দাস মহোদয় এর তাৎক্ষণিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম স্যারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
তথ্যসূত্রঃ ডিসি অফিস, নোয়াখালী।

