গাংচিল অলাইন.কম: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপিতে ইটভাটার মাটিচাপায় রমজান মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ওই ইউপির মুক্তা ব্র্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি ওই ইটভাটার শ্রমিক ছিলেন।
সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, সকালে কাঁচা ইট তৈরির জন্য মাটির স্তূপ থেকে মাটি কাটতে যান রমজান। এ সময় ওপর থেকে মাটির বড় একটি অংশ তার গায়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
