লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চোরাইকৃত একটি মোটরসাইকেল, ১৭টি মোবাইল ফোন, ৮টি ডিজিটাল নম্বরপ্লেট ও মোটরসাইকেল চুরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুরের বাসিন্দা পারভেজ, মিঠু, ইসমাইল ও রাব্বি এবং চাঁদপুরের বাসিন্দা রাসেল ও জিল্লুর। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, খুন, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ‘জেলা পুলিশের একাধিক চৌকস টিম লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল, ৮টি ডিজিটাল নম্বরপ্লেট ও মোটরসাইকেল চুরির বেশ কিছু সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ছিনতাইকৃত ১৭টি মোবাইল ফোনসহ আরও দু’জন গ্রেফতার হয়।’
তিনি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে উদ্ধারকৃত মোবাইল ফোন গুলো এবং বিআরটিএ কার্যালয়ে ডিজিটাল নম্বর প্লেট গুলো সনাক্ত করতে ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে উদ্ধারকৃত মোটরসাইকেলটির মালিক মোসাদ্দেক হোসেন বাবর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সফল এই অভিযানের জন্য পুলিশ সুপার ও জেলা পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে পুলিশের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব থাকলেও পুলিশ জনগণের বন্ধু। জনগণের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। আমি পুলিশ সদস্যদের আন্তরিকতা ও সক্রিয়তাকে সাধুবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, আনোয়ার হোসেন, মংনেথোয়াই মারমা, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, ওসি তদন্ত মোহাম্মদ মোসলেহ উদ্দিন প্রমুখ।
এদিকে আসামিদের আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে। তবে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চক্রটির মূলহোতাদের আটক করা সম্ভব হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
