লক্ষ্মীপুর প্রিিতনিধি : মসজিদে গিয়ে নামাজ পড়তে আগ্রহ বাড়াতে ৪৩জন শিশু-কিশোরকে পুরস্কার প্রদান করেছে মসজিদ কর্তৃপক্ষ।  গত রোববার (১ মার্চ) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের রোকনপুর জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে এ পুরষ্কার প্রদান করা হয়। 

এতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৬জনকে বাইসাইকেল, ১৪ জনকে স্কুল ব্যাগ ও ১৩ জনকে জ্যামিতি বক্স পুরস্কার দেওয়া হয়েছে।  

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি ঘোষনা অনুযায়ী রোকনপুর জামে মসজিদ এলাকার অনূর্ধ্ব ১৩-১৭বছর বয়সী ছেলেদের এক নাগাড়ে ৪০দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে তাদের পুরস্কারের ঘোষনা দেওয়া হয়। ঘোষনার পরই রোকনপুর গ্রামে ব্যাপক সাড়া পড়ে।  শিশু-কিশোরদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করে।  টানা ৪০দিন মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে স্থানীয় শিশু- কিশোররা।  এতে ৪৩জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়।  

স্থানীয় মুসল্লি মো: কামরুল হোসেন জানান, মসজিদ কমিটির এমন উদ্যোগে শিশু-কিশোরদের কচি মনে সাড়া পেলেছে।  নামাজের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। এমন উদ্যোগ প্রতিটি গ্রামে-গ্রামে হলে তরুনরা মসজিদ মুখি হবে। এতে করে তারা কোন খারাপ কাজে জড়াবে না। ফলে আমাদের সমাজ পরিবর্তনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।  

এদিকে রোববার রাতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী।  বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম নোমান পাটওয়ারী, মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান প্রমুখ। 

এ সময় স্থানীয় মুসল্লীগন উপস্থিত ছিলেন। মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফ জানান, আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।  আমাদের উদ্দেশ্য হচ্ছে শিশু-কিশোররা যাতে বিপথে না চলে, তারা যেন মসজিদমুখী হয়।  তাদের আগ্রহ বৃদ্ধি ও উৎসাহ প্রদান করার জন্য এ কার্যক্রম। এ কার্যক্রম আগামী ঈদ-উল-ফিতর পর্যন্ত চলমান থাকবে বলে জানান তিনি।