লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনের সামনে এ সভার আয়োজন করে জেলা তাঁতীদল। সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতা-কর্মীরা।

জেলা তাঁতীদলের আহবায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। 

জেলা তাঁতীদলের সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, তাঁতীদল সদর পশ্চিমের সভাপতি মো. ইউসুফ আলী, পৌর তাঁতীদলের সভাপতি আল হারুন, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম, আবদুল্লাহ আল মামুন, পৌর ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন শিমুল, সদর উপজেলা ছাত্রদল নেতা রাজু ,আব্দুল মজিদ  প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে গণতন্ত্র হরণ করা হয়েছে। এদেশে এখন জনগণের কোন মূল্যায়ন নেই। গণতন্ত্র হারিয়ে যাওয়ায় সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ভোটে তেমনভাবে অংশগ্রহণ করেনি। খুব শীঘ্রই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে, আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে। তাই দলের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।