লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সরকারি কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চ ও কলেজ মাঠে নাচ-গান, পিঠা উৎসব, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে এ আয়োজন করা হয়। এদিকে বসন্তকে বরণ করতে বাসন্তি সাজে সেজেছিল শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুবুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বর্তমান সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি।
কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও বসন্ত উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর বিপ্লব কুমার সাহা, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজিদ ভূঁইয়া, শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় কলেজের অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর কলেজের পক্ষ থেকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়। এবারের অনুষ্ঠানের কলেজের বিভিন্ন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও হোস্টেলের শিক্ষার্থীরা ১৫টি স্টলে শতাধিক ধরণের পিঠার প্রদর্শনী করেছে। এছাড়া কলেজকেও নানা রঙের আল্পনায় সাজানো হয়েছে।

