ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ২০১৭ সালে বন্ধু শরীফ হোসেনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অপরাধে মো. মিলনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ মামলার রায়ে এ আদেশ দেন। এ সময় আসামী আদালতের ডকে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, আসামী মিলন ও তার বন্ধু নিহত শরীফ ইটভাটায় কাজ করত। ফলে শরীফের বাড়িতে প্রায় যাতায়াত করতেন মিলন। কিন্তু ঘরে বিবাহযোগ্য বোন থাকায় শরীফ একদিন মিলনকে ডেকে যখন তখন তার বাড়িতে আসতে নিষেধ করে। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয় মিলন, এক পর্যায়ে ২০১৭ সালের ২৮ মে বিকালে সুবর্ণচরের চর মহি উদ্দিন গ্রামে নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় মিলন শরীফকে কোপ দেয়। এতে তার গলার এক পাশ কেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই নিহতের ছোট ভাই মো. আরিফ হোসেন বাদী হয়ে মিলনকে আসামী করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে মিলনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।
পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল মিলনের মৃত্যু দন্ডের কথা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আদালত মোট ২৪জন সাক্ষীকে পরীক্ষা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে মামলার একমাত্র আসামী মো. মিলনের বিরুদ্ধে আজ আদালত মৃত্যুদন্ডের আদেশ দেন। মামলায় আসামী পক্ষে শুনানী করেন শিবনাথ ভৌমিক।
