লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কিশোরী ধর্ষণ মামলায় আব্দুর রহিম নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও মো. হেলাল নামে অপর এক আসামীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোহাম্মদ সিরাজ উদ্দৌলা কুতুবী এ রায় প্রদান করেন। রায়ে একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমের ১০ হাজার ও মো. হেলাল এর ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আদালত ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ অক্টোবর বিয়ের প্রলোভনে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার মেঘনা সিনেমা হলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরের দিন বিকেলে ভিকটিমের ভাই বাদী হয়ে কমলনগর থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় স্থানীয় চরমার্টিন এলাকার বাসিন্দা রফিক উল্লাহর ছেলে আব্দুর রহিম, আবু তাহেরের ছেলে মো. হেলাল ও স্তষ প্রকারের ছেলে শ্যাম সুন্দরকে আসামী করা হয়। পরে পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। এ মামলার আসামি শ্যাম সুন্দর নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। 

লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি মো. আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় মামলার প্রধান আসামি কাঠ গড়ায় উপস্থিত ছিলেন না।

এদিকে আসামি পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, তিনি উচ্চ আদালতে আপিল করবেন।