লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামের মেঘনা নদীতে জেলেদের জিম্মি করে মারধর ও মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করেছে রামগতি থানা পুলিশ। গত শুক্রবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আহত জেলে নজির বাদী হয়ে ৬ জলদস্যুসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসনগর গ্রামের কাঞ্চন ব্যাপারীর ছেলে খোরশেদ আলম (৩০), দৌলতখাঁ উপজেলার চরখলিফা গ্রামের মো. ছাদেকের ছেলে কালাম (৩২), মঞ্জুর পাটোয়ারীর ছেলে জিসান (২৮), নোয়াখালীর চরভাটা ইউপির তাজল কবিরাজের ছেলে আশ্রাফ উদ্দীন বেলাল (৩৫), মৃত আলী হোসেনের ছেলে মাহফুজুল হক (৩৫) ও কমলনগরের চরমার্টিন গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মো. কামাল (৩৩)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকৃকত জলদস্যুরা রামগতি উপজেলার চরআব্দুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মেঘনা নদীতে জেলেদের জিম্মি করে মারধর ও পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ তাদেরকে ঘেরাও করে ৬ জনকে আটক করেন। এসময় বেশ কয়েকজন জলদস্যু সাঁতরে পালিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত জেলে নজির বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।