গাংচিল অনলাইন.কমঃ   মুজিববর্ষে ক্লিন কোম্পানীগঞ্জ গঠনের লক্ষ্যে সমগ্র উপজেলায় ষাড়াশি অভিযানে নেমেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে উপজেলার চরকাঁকড়া, রামপুর ও মুছাপুর ইউনিয়নের ঝটিকা অভিযান চালান তিনি। 

এসময় পড়ালেখা বাদ দিয়ে দোকানে আড্ডারত অবস্থায় ৩৫ ছাত্রকে আটক করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। এছাড়া ১৫টি স্মার্ট ফোন জব্দ ও দুটি জুয়ার আড্ডার ঘরে তালা দিয়ে বন্ধ করে দিয়েছেন। পরে ছাত্রদের ইউনিয়ন চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছাত্রদের অভিভাবকদের ডেকে ভবিষ্যতের জন্য সতর্ক করে আটককৃতদেরকে মুচলেকা নিয়ে প্রথম বারের মতো ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে স্মার্ট ফোনগুলো জব্দ রাখা হয়েছে। পর্যায়ক্রমে অভিভাবকদের হাতে এগুলো দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র আবদুল কাদের মির্জা।

এছাড়া মুছাপুর ইউনিয়নে জুয়ার আড্ডা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি ঘরে তালা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। মেয়র আবদুল কাদের মির্জার এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। তারা মেয়রের এমন কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।