গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয় করার দায়ে বাংলা‌দেশ প‌রি‌বেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ১.৫ লক্ষ টাকা জ‌রিমানা ও ১টন অ‌বৈধ প‌লি‌থিন জব্দ করা হ‌য়ে‌ছে।

শনিবার সন্ধ্যায় চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে নিপু প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রেসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিপু প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়। এতে কারখানা থেকে এক টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী বাজারের নিপু প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রেস, করিমপুর রোডে ছিদ্দিক প্লাজার উত্তর পাশে কবিরের প্লাস্টিক কারখানা, দক্ষিণ বাজারে শামীমের প্লাস্টিক কারখানা, বিসিক শিল্প নগরীতে তিনটি, গোলাবাড়িয়া দুইটিসহ চৌমুহনী বাজারে ১৬টি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছে প্রভাবশালী একটি চক্র।

এর আগে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক কারখানাকে জরিমানা করা হলেও এখনো সক্রিয়ভাবে এ ব্যবসা চলছে।