লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কলেজের পক্ষ থেকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়। এসময় দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথিদের চোখেও পানি চলে আসে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহীদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

জানা গেছে, মাইন উদ্দিন পাঠান পদোন্নতি পেয়ে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আগামি ১৬ জানুয়ারি তিনি চাকুরি থেকে অবসরে যাবেন। তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে সু পরিচিত।