গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীতে বিআরবি ও বিজলী (আরএফএল কোম্পানী) ব্রান্ডের নকল ক্যাবল বিক্রয় ও মুন সুপার স্টার এনার্জি লাইট তৈরি দায়ে চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদাল।
এদের মধ্যে তিনজনকে ৬ মাসের ও ১ জনকে ৭ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
জেলার সোনাপুর ও চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে বিআরবি ও আরএফএল এর নকল কেবল বিক্রয় ও মুন সুপার স্টার এনার্জি লাইট তৈরি দায়ে এই দণ্ডাদেশ প্রদান করেন মোবাইল কোর্টের জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমামুল হাফিজ নাদিম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানি কমান্ডার সালেহ আহমেদ (এএসপি) এর নেতৃত্বে র্যা ব ১১ লক্ষ্মীপুর এবং বিজলী ক্যাবল ও বিআরবি ক্যাবল এর কর্মকর্তাগণ।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরএফএল কোম্পানীর নকল বিজলী ক্যাবল বিক্রয় ও মুন সুপার স্টার এনার্জি লাইট তৈরি ও প্যাকেটজাতকরণ করে বিক্রয়ের দায়ে আমান ইলেক্ট্রিকের সত্বাধিকারী আমান উল্লাহ (১৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় ৭ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়।
বিআরবি ব্রান্ডের নকল ক্যাবল মজুদ ও বিক্রয়ের দায়ে নোয়াখালী ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মো: শামসুল আরেফিন (২৭), বিনিময় ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মোশারেফ হোসেন (৩৮) ও আব্দুল্লাহ ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মো: ইউসুফ দুলাল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোবাইল কোর্ট চলাকালীন ৪টি প্রতিষ্ঠান থেকে দুটি ব্রান্ডের ৩০৯ কয়েল ক্যাবল জব্দ করা হয়েছে।
তথ্যসূত্রঃ ডিসি অফিস নোয়াখালী।

