ইউনুছ সিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিনকে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকের স্মাক্ষরিত ৩৪.০১.০০০০.০০৭.২৭.০৩৩.২০১৯-১৭৬ নং স্মারকে ৩১ ডিসেম্বর-২০১৯এ তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়। 

নোয়াখালী যুব উন্নয়ন অধিদফতরের ভারপ্রাপ্ত উপ পরিচালক জসিম উদ্দিন আহমেদ খান আ.ক.ম মহসিনকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের ক্যাশিয়ার ছাবিনা ইয়াছমিনের স্বাক্ষর জাল করে মহসিন ৫০ লাখ টাকা নিজের চলমান সঞ্চয়ী হিসাব নং-২৬০৭-০৩১১০৮৪৭০-০ তে স্থানান্তর করেন।পরে বিভিন্ন মেয়াদে মহসিন ওই সঞ্চয়ী হিসাব থেকে ২১ লাখ টাকা আত্মসাৎ করেন। অর্থ আত্মসাতের অভিযোগে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

জানাযায়, কোম্পানীগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অধিদফতর বাংলাদেশ কৃষি ব্যাংক বসুরহাট শাখায় যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিন ও ক্যাশিয়ার ছাবিনা ইয়াছমিনের যৌথ স্বাক্ষরে চলতি হিসাব নং-২৬০৭-০২১০০০৪৭২৮ পরিচালিত হচ্ছে।

৫ নভেম্বর ক্লিয়ারিং হাউজের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের স্থানীয় মুখ্য শাখা হতে ভুল বশত ৫০ লাখ টাকা ওই চলতি হিসাবে জমা করা হয়। ওই টাকা মহসিন কৃষি ব্যাংক বসুরহাট শাখায় ব্যক্তিগত একাউন্টে স্থানান্তর করেন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি বিষয়টি শুনেছি, তবে বরখাস্ত আদেশের অফিস কপি এখনও হাতে পাইনি।