লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৬শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. সবুজ (৪২) কে আটক করেছে র্যাব-১১। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সবুজ মধ্য বাঞ্চানগর গ্রামের মো. জামালের ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, আটককৃত মো. সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাবের একটি আভিযানিক দল বাঞ্চানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আবু ছালেহ্ জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।